তায়াম্মুম করে নামাজ পড়াকালীন ফরজ গোসল হলে সুস্থ হওয়ার পর কি গোসল করতে হবে?
এক ব্যক্তি অনেক অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে গোসল করতে পারছিলেন না। তাই তিনি তায়াম্মুম করে নামাজ আদায় করছিলেন। এর মাঝে একদিন তার ওপর গোসল ফরজ হয়। কিন্তু অসুস্থতার কারণে তখনও গোসল করা সম্ভব ছিল না, তাই তিনি তায়াম্মুম করেই নামাজ পড়তে থাকেন। ঠিক একদিন পর তিনি সুস্থ হয়ে যান। তখন গোসল করতে কোনো সমস্যা ছিল না।
আমার জানার বিষয় হলো, এখন কি তিনি শুধু ওজু করে নামাজ পড়তে পারবেন, নাকি তাকে ফরজ গোসল করতে হবে? এবং এ সময় পর্যন্ত তায়াম্মুম করে যে নামাজগুলো পড়েছেন, সেগুলো কি পুনরায় আদায় করতে হবে?
ঐ ব্যক্তি যতদিন গোসল করতে সক্ষম ছিলেন না, ততদিন ফরজ গোসলের পরিবর্তে তার জন্য তায়াম্মুম করাই যথেষ্ট ছিল। কিন্তু গোসল করার মতো সুস্থ হয়ে যাওয়ার পর তার তায়াম্মুম দ্বারা অর্জিত পবিত্রতা বাতিল হয়ে গেছে। এরপর শুধু ওজু করলে হবে না; বরং প্রথমে তাকে ফরজ গোসল করে পবিত্র হতে হবে।
তবে তায়াম্মুমের মাধ্যমে পূর্বে আদায় করা নামাজসহ অন্যান্য ইবাদত যথাযথভাবেই আদায় হয়েছে। সেগুলো পুনরায় আদায় করতে হবে না।
হযরত আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন—
إِذَا أَجْنَبَ فَلَمْ يَجِدِ الْمَاءَ تَيَمّمَ وَصَلّى حَتّى يُدْرِكَ الْمَاءَ، فَإِذَا أَدْرَكَ الْمَاءَ اغْتَسَلَ
কারো গোসল ফরয হওয়ার পর সে যদি পানি না পায় (অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হয়) তবে সে তায়াম্মুম করে নামায পড়বে। কিন্তু যখন পানি পেয়ে যাবে (অথবা পানি ব্যবহার করতে সক্ষম হবে) তখন তাকে গোসল করতে হবে। (আসসুনানুল কুবরা, বাইহাকী, বর্ণনা ১০৩৭; মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ৯১৯, ৯২৪)
-কিতাবুল আছল ১/৮৮, ৯০; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৩; আলবাহরুর রায়েক ১/১৬৯; রদ্দুল মুহতার ১/২৫৫