ড্রেনের স্লাবের ওপর চাটাই বিছিয়ে নামাজ পড়ার বিধান
প্রশ্ন: আমাদের মসজিদটি রাস্তার পাশে হওয়ায় জুমার দিন মুসল্লিদের অনেক ভিড় হয়। ভেতরে জায়গা না হওয়ায় বাধ্য হয়ে আমাদের রাস্তার ওপর চাটাই বিছিয়ে কাতার করতে হয়। রাস্তার পাশে একটি বড় ড্রেন আছে যা সবসময় নাপাক থাকে, তবে তার ওপর মজবুত কংক্রিটের স্লাব বসানো আছে। ড্রেনের ভেতরের ময়লা বা নাপাকির কোনো চিহ্ন ওপরে দেখা যায় না। জুমার ভিড়ে প্রথম কাতারের অনেক মুসল্লিকে ওই স্লাবের ওপর চাটাই বিছিয়ে নামাজ পড়তে হয়। এখন আমার জানার বিষয় হলো, নিচে নাপাকি থাকা সত্ত্বেও কি ওই স্লাবের ওপর নামাজ পড়া সহিহ হবে?
উত্তর: ড্রেনের ওপর বসানো স্লাবে যদি দৃশ্যমান কোনো নাপাকি না থাকে, তবে তার ওপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে। যেহেতু ময়লা-আবর্জনা স্লাবের নিচে থাকে এবং ওপরের অংশ পবিত্র, তাই এর ওপর নামাজ পড়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। নিচে নাপাকি থাকার কারণে স্লাবের ওপরের পবিত্রতায় কোনো প্রভাব পড়বে না। সুতরাং এমন স্লাবের ওপর চাটাই বিছিয়ে বা সরাসরি দাঁড়িয়ে নামাজ পড়লে তা সম্পূর্ণ সহিহ হবে।
উল্লেখ্য, যে রাস্তা দিয়ে সবসময় মানুষ চলাচল করে এমন চলাচলের রাস্তা বন্ধ করে রাস্তায় নামায আদায় করা জায়েয নয়। এক্ষেত্রে প্রয়োজনে নিকটস্থ অন্য কোনো মসজিদে নামায আদায় করতে হবে।
রেফারেন্স:
—খিযানাতুল আকমাল ১/১২৮; আলমুহীতুর রাযাবী ১/১৪৫; আলফাতাওয়াস সুগরা, সাদরুশ্ শহীদ ১/৮৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৬; শরহুল মুনইয়া, পৃ. ২০২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১২৯