FatwaBD logoFatwa.BD
পবিত্রতাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #৫০

ব্যান্ডেজের ওপর মাসেহ করার পর ব্যান্ডেজ খুলে গেলে আবার অজু করতে হবে?

৪ আগস্ট, ২০২৬|৭৩

প্রশ্ন: কয়েকদিন আগে আমার এক বন্ধু মোটরসাইকেল দুর্ঘটনায় পায়ে আঘাত পান। চিকিৎসকের পরামর্শে তাঁর পায়ে ব্যান্ডেজ করা হয়। তাই তিনি ওযুর সময় ব্যান্ডেজের ওপর মাসেহ করতেন। গতকাল যোহরের নামাজের জন্য ওযু করে আসার পথে ক্ষতস্থানটি শুকিয়ে যাওয়ায় ব্যান্ডেজটি খুলে পড়ে যায়। এরপর তিনি শুধু ওই স্থানটি ধুয়ে নামাজ আদায় করেন। এখন জানতে চাই, তাঁর এভাবে শুধু ওই স্থানটি ধুয়ে নেওয়াই কি যথেষ্ট হয়েছে, নাকি নতুন করে পূর্ণ ওযু করা জরুরি ছিল?

M
জামিয়া দারুল উলুম নারায়ণগঞ্জ

উত্তর: শুধু ওই স্থানটি ধুয়ে নেওয়াই যথেষ্ট হয়েছে। নতুন করে পূর্ণ ওযু করার প্রয়োজন ছিল না।

কেননা ক্ষতস্থান শুকিয়ে যাওয়ার কারণে ব্যান্ডেজ খুলে পড়লে ব্যান্ডেজের ওপর করা পূর্বের মাসেহের বিধান আর অবশিষ্ট থাকে না। তবে যেহেতু তার ওযু তখনও বহাল ছিল, তাই ব্যান্ডেজ খুলে যাওয়ার পর শুধু ওই স্থানটি ধুয়ে নেওয়ার দ্বারাই ওযু পূর্ণ হয়ে গেছে। অতএব, এ অবস্থায় তার আদায়কৃত নামাজ সহীহ হয়েছে।


রেফারেন্স:-মাবসূত, সারাখসী ১/৭৪; শরহু মুখতাসারিত তাহাবী ১/৪৪২; বাদায়েউস সানায়ে ১/৯১; তাবয়ীনুল হাকায়েক ১/১৫৬; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৭৪