ইদ্দতের নিয়ম না মেনে ইদ্দত শেষ করলে অন্যত্র বিয়ের বিধান
প্রশ্ন: এক মহিলার তালাক হওয়ার পর তার ইদ্দত পালন করা আবশ্যক ছিল। কিন্তু তিনি ইদ্দত চলাকালীন শরয়ী নিয়মকানুনগুলো ঠিকমতো পালন করেননি; বরং প্রয়োজন ছাড়াই বাইরে বের হয়েছেন এবং বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন। এভাবে তার ইদ্দতের নির্দিষ্ট সময় পার হয়ে গেছে। এখন তিনি অন্য এক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছেন। আমার জানার বিষয় হলো, ইদ্দতের নিয়মগুলো ঠিকমতো পালন না করার কারণে কি তার ইদ্দত বাতিল হয়ে গেছে? এমতাবস্থায় ইদ্দতের সময় শেষ হওয়ার পর অন্যত্র তার বিয়ে করা কি সহিহ হবে?
উত্তর: ইদ্দত মানে হচ্ছে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অপেক্ষা করা। ইদ্দত অবস্থায় ঘর থেকে বের না হওয়া বা অন্যান্য যেসব বিধি-নিষেধ রয়েছে, সেগুলো পালন করা ওয়াজিব। কেউ যদি ইদ্দত চলাকালীন এই নিয়মগুলো না মানে, তবে সে শরীয়তের বিধান লঙ্ঘন করার কারণে গুনাহগার হবে। তবে নিয়ম না মানলেও ইদ্দতের নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই তার ইদ্দত শেষ হয়ে যাবে। ইদ্দতের মেয়াদ শেষ হওয়ার পর উক্ত মহিলার জন্য অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় কোনো সমস্যা নেই এবং ওই বিবাহও শরীয়তের দৃষ্টিতে সহিহ হবে।
রেফারেন্স:
–আলমুহীতুল বুরহানী ৫/২৩৩; আযযাখীরাতুল বুরহানিয়া ৪/২৯৬; আলজাওহারাতুন নায়্যিরা ২/১০১; আদ্দুররুল মুখতার ২/৫২০