ঘর করার জন্য কেনা জমির কি যাকাত দিতে হবে?
প্রশ্ন: আমি কর্মজীবনের তাগিদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় একটি ভাড়া বাসায় থাকি। অনেক কষ্টের জমানো টাকা দিয়ে সম্প্রতি গ্রামের বাড়িতে একটি নিজস্ব ঘর তৈরির উদ্দেশ্যে ছয় লক্ষ টাকা দিয়ে কিছু জমি ক্রয় করেছি। এই টাকা ছাড়া আমার কাছে অন্য কোনো সম্পদ নেই। এর আগে যখন এই টাকাগুলো আমার কাছে নগদ জমা ছিল, তখন আমি নিয়মিত যাকাত আদায় করতাম। এখন আমার জানার বিষয় হলো, জমি কেনার পর এখনো কি আমাকে ওই জমির মূল্যের ওপর প্রতি বছর যাকাত দিতে হবে? এ বিষয়ে শরীয়তের সঠিক বিধানটি জানতে চাই।
উত্তর: না, ঘর তৈরির উদ্দেশ্যে কেনা ওই জমির মূল্যের ওপর আপনাকে যাকাত আদায় করতে হবে না। শরিয়তের নিয়ম অনুযায়ী, কোনো সম্পদ বা জমি যদি ব্যবসার উদ্দেশ্যে (অর্থাৎ পুনরায় বিক্রয় করে মুনাফা অর্জনের নিয়তে) কেনা না হয়, তবে তার ওপর যাকাত ওয়াজিব হয় না। যেহেতু আপনি জমিটি ব্যবসার জন্য নয়, বরং নিজের থাকার ঘর তৈরির জন্য কিনেছেন, তাই এই জমির মূল্যের ওপর কোনো যাকাত আসবে না।
আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন–
لَيْسَ فِي الْعُرُوضِ زَكَاةٌ، إِلاَّ عُرْضٍ فِي تِجَارَةٍ، فَإِنَّ فِيهِ زَكَاةً.
কোনো বস্তুর ওপর যাকাত আসে না যদি তা ব্যবসার জন্য না হয়, ব্যবসার জন্য হলে তার ওপর যাকাত আসবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১০৫৬০)
রেফারেন্স:
–আলহাবিল কুদসী ১/২৭৩; আলমুহীতুর রাযাবী ১/৪৮৯; মাজমাউল আনহুর ১/৩০৬;; রদ্দুল মুহতার ২/২৬৫