FatwaBD logoFatwa.BD
রোজাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #২৬

হাদিসে বর্ণিত ইফতারের আগের ও পরের দোয়াসমূহ

২৫ ফেব্রুয়ারী, ২০২৬|২৩৯

প্রশ্ন: রমজান মাসে ইফতারের সময় আমরা সবাই দস্তরখানে বসি। বড়দের কাছে শুনেছি যে, ইফতারের সময়টি দুআ কবুলের এক শ্রেষ্ঠ সময়। কিন্তু আমরা অনেকেই জানি না যে, ঠিক কোন সময়ে কোন দুআটি পড়তে হয়। ইফতারের ঠিক আগে, ইফতার করার সময় এবং ইফতার শেষ করার পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুআগুলো পড়তেন? দয়া করে অর্থসহ এই সুন্নাহসম্মত দুআগুলো জানালে আমাদের জন্য আমল করা সহজ হতো।

M
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা

উত্তর: ইফতারের সময়টি দুআ কবুলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তাই ইফতারের ঠিক আগ মুহূর্তে খাবারের প্রতীক্ষায় শুধু বসে না থেকে বেশি বেশি দুআ ও ইস্তিগফারে মশগুল থাকা উচিত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই সময়গুলোতে আল্লাহর কাছে মাফ চাইতেন এবং নির্দিষ্ট কিছু দুআ পড়তেন। ইফতারের আগের ও পরের আমলগুলো নিচে দেওয়া হলো:


১. ইফতারের ঠিক আগে: এ সময় বেশি বেশি দুআ ও ইস্তিগফার করবেন। বিশেষত এই দুআটি বেশি পড়বেন—


اَللهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِيْ. (رواه ابن ماجه، وقال البوصيري في الزوائد : هذا هديث صحيح، ورجاله ثقات)

হে আল্লাহ! আমি আপনার কাছে আপনার সেই রহমতের ওসিলায় প্রার্থনা করছি যা সকল বস্তুতে পরিবেষ্টিত, আপনি আমাকে মাফ করে দিন।-সুনানে ইবনে মাজাহ, ১৭৫৩


২. ইফতার করার সময়: যখন আপনি ইফতার শুরু করবেন বা মুখে কিছু দেবেন, তখন এই দুআটি পড়বেন—


اَللهُمَّ لَكَ صُمْتُ وَعَلىٰ رِزْقِكَ أَفْطَرْتُ

(অর্থ: হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছিলাম এবং তোমার রিজিক দ্বারাই ইফতার করলাম।) -সুনানে আবু দাউদ হাদীস : ২৩৫৮


৩. ইফতার করার পর: ইফতার সম্পন্ন করার পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআটি পড়তেন—


ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللهُ
(অর্থ: পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো আর আল্লাহ তাআলা চান তো রোজার সওয়াব লিপিবদ্ধ হলো।) -সুনানে আবু দাউদ, হাদীস : ২৩৫৭; মুসতাদরাকে হাকেম, হাদীস : ১৫৭৬