FatwaBD logoFatwa.BD
বিবাহউত্তর দেওয়া হয়েছেফতওয়া #১০

বিয়ের পর কিন্তু আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেওয়ার আগে স্বামী-স্ত্রীর মেলামেশার বিধান

১১ ফেব্রুয়ারী, ২০২৬|২২

প্রশ্ন: আমাদের পরিবারের ছেলে ও মেয়ের বিবাহ শরীয়তসম্মতভাবে সাক্ষীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে এবং বিবাহের কাবিনও রেজিস্ট্রি করা হয়েছে। তবে পারিবারিক কিছু কারণে মেয়েকে এখনই ছেলের বাড়িতে উঠিয়ে নেওয়া হচ্ছে না; আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিতে আরও বছরখানেক সময় লাগতে পারে। এই মধ্যবর্তী সময়ে মেয়েটি মাঝে মাঝে ছেলের বাড়িতে বেড়াতে আসে এবং ছেলেও তার শ্বশুরবাড়িতে যায়। আমাদের মনে দ্বিধা কাজ করছে যে, আনুষ্ঠানিকভাবে তুলে না নেওয়া পর্যন্ত তারা কি স্বামী-স্ত্রীর মতো একসাথে একান্তে সময় কাটাতে পারবে? বিষয়টি জানিয়ে আমাদের দুশ্চিন্তামুক্ত করবেন।

M
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা

উত্তর: সাক্ষীদের উপস্থিতিতে ইজাব ও কবুলের মাধ্যমে যদি বিবাহ সম্পন্ন হয়ে থাকে, তবে তারা শরীয়তের দৃষ্টিতে পরিপূর্ণ স্বামী-স্ত্রী। সামাজিক প্রথা বা নিয়ম অনুযায়ী মেয়েকে স্বামীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নিতে দেরি হলেও, বিবাহের পর থেকেই তাদের একে অপরের সাথে স্বামী-স্ত্রীসুলভ সকল আচরণ ও মেলামেশা করা সম্পূর্ণ জায়েয। তাই আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার আগে তারা যদি একসাথে একান্তে সময় কাটায় বা এক কক্ষে থাকে, তবে শরীয়তের দৃষ্টিতে তাতে কোনো বাধা বা গুনাহ নেই।


রেফারেন্স:
–আলমুহীতুর রাযাবী ৩/৪; বাদায়েউস সানায়ে ২/৬৪৪; তাবয়ীনুল হাকায়েক ২/৪৪৫; ফাতহুল কাদীর ৩/৯৯; আলবাহরুর রায়েক ৩/৭৯; রদ্দুল মুহতার ৩/৩-৫