FatwaBD logoFatwa.BD
যাকাত ও সদকাউত্তর দেওয়া হয়েছেফতওয়া #২৩

সচ্ছল পরিবারের মেয়ে বা ধনী ব্যক্তির অবহেলিত স্ত্রীকে কি যাকাত দেওয়া যাবে?

২২ ফেব্রুয়ারী, ২০২৬|৪৪

প্রশ্ন: আমাদের পরিচিত এক নারী বর্তমানে খুব মানবেতর জীবন যাপন করছেন। তার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর থেকে শহরে থাকেন এবং প্রথম স্ত্রীর কোনো খোঁজখবর নেন না বা কোনো খরচও দেন না। যদিও তার স্বামী এবং নিজের বাবার পরিবার বেশ সচ্ছল, কিন্তু ওই নারীর নিজের মালিকানায় কোনো সম্পদ নেই। বাবার কাছ থেকে মাঝেমধ্যে যে সামান্য টাকা পান, তা দিয়ে কোনোমতে দিন পার করছেন। এমতাবস্থায় আমরা কয়েকজন চাচ্ছি, তাকে যাকাতের টাকা দিয়ে সাহায্য করতে। কিন্তু কেউ কেউ বলছেন, তার স্বামী ও বাবা যেহেতু ধনী, তাই তাকে যাকাত দেওয়া যাবে না। শরীয়তের দৃষ্টিতে আসলে সঠিক নিয়মটি কী? তাকে কি আমরা যাকাত দিতে পারব?

M
মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা

উত্তর: জি,  প্রশ্নের বর্ণনা অনুযায়ী যদি বাস্তবেই তার মালিকানায় নেসাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে আপনারা ওই মহিলাকে যাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। শরীয়তের নিয়ম হলো, যাকাত পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের মালিকানায় নেসাব পরিমাণ (সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন তোলা রুপা অথবা সমমূল্যের নগদ টাকা বা ব্যবসার পণ্য) সম্পদ আছে কি না তা দেখা হয়। সুতরাং এ পরিমাণ সম্পদ যদি তার না থাকে তাহলে তাকে যাকাত দিতে সমস্যা নেই। যদিও ওই মহিলার স্বামী সচ্ছল, কিন্তু তিনি যেহেতু তার স্ত্রীর ভরণপোষণ দিচ্ছেন না এবং  প্রশ্নের বর্ণনা অনুযায়ী মহিলার নিজেরও কোনো সম্পদ নেই, তাই তিনি বর্তমানে অভাবী হিসেবেই গণ্য হবেন। সুতরাং তাকে যাকাত দিলে আপনাদের যাকাত আদায় হয়ে যাবে।

তবে মনে রাখতে হবে, কোনো স্ত্রী যদি সচ্ছল স্বামীর সাথে ঘর-সংসার করেন এবং স্বামীর পক্ষ থেকে নিয়মিত প্রয়োজনীয় ভরণপোষণ ও হাতখরচ পান, তবে নিজের মালিকানায় সম্পদ না থাকলেও তাকে যাকাত দেওয়া ঠিক হবে না। 


রেফারেন্স:

—ফাতাওয়া খানিয়া ১/২৬৬; বাদায়েউস সানায়ে ২/১৫৮; আলমুহীতুল বুরহানী ৩/২১৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/২০৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৯